নেপালঃ তিব্বতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং বিক্ষোভকারীদেরকে মুক্তি দিতে হবে

২৪ মার্চ ২০০৮

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তিব্বত সম্পর্কে বিক্ষোভ প্রদর্শনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে নেপালী কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে৷

নেপালের বিভিন্ন স্থানে তিব্বত সম্পর্কে অনেকগুলো বিক্ষোভ প্রদর্শনের সাথে জড়িত থাকার জন্য আজ আনুমানিক ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷

 

“শান্তিপূর্ণ বিক্ষোভকারীদেরকে গ্রেফতার করার মাধ্যমে নেপাল ভিন্নমত সহ্য না করার বার্তা পাঠাচ্ছে,” বলেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং সতর্ক করেছে যে নিপীড়নের সর্বশেষ ধাক্কা তিব্বত-সংশ্লিষ্ট বিক্ষোভের বাইরেও বিস্তৃত হয়েছে৷ “নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর ধারাবাহিক দমন অভিযানের এটি হচ্ছে সর্বশেষ ঘটনা৷”

 

একটি ঘটনায়, তিব্বতে মানবাধিকার পরিস্থিতির উপর এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি সমাবেশ থেকে সক্রিয় কর্মীদেরকে আটক করা হয়৷ স্থানীয় সময় ১১:৫৫ টার সময়, কাঠমন্ডুর মাতিয়ালা মানডালায় ১৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয় এবং সিংহ দুর্বার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ গ্রেফতারের জন্য কোনো কারণ দেখানো হয়নি৷

 

আটককৃতদের অন্তর্ভুক্ত রয়েছেনঃ রামেশ্বর এনপাল, নেপালে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক; সুশীল পাকোয়ারেল, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন কমিশনার; গোবিন্দ বান্দি, আইনজীবী এবং ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস-এর সদস্য; এবং অন্য সক্রিয় কর্মীবৃন্দ, যাদের মধ্যে চারজন তিব্বতী এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কয়েকজন সদস্য রয়েছেন৷

 

“তিব্বতী ও অন্যান্য মানবাধিকার কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশে কর্তৃপক্ষের হস্তক্ষেপ অসাংবিধানিক,” বলেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
“শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান প্রতিরোধের জন্য জেলা প্রশাসনের পদক্ষেপ গ্রহণ নেপালের সংবিধানের ১২তম অনুচ্ছেদের পরিপন্থী৷ আগে থেকে সমাবেশ অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করারও কোনো আইনগত ভিত্তি নেই৷”

 

নেপালে বিক্ষোভ-সমাবেশের উদ্রেককারী তিব্বতের ঘটনাবলী স্বাধীনভাবে তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতিনিধিদলকে অনুমতি দেয়ার জন্য চীন সরকারের প্রতি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুনরায় আহ্বান জানিয়েছে৷ এছাড়াও এতে তিব্বতীদের অন্তঃর্নিহিত দুঃখ-দুর্দশা নিরসন এবং এই ধরনের অসন্তুষ্টি উদ্রেককারী দীর্ঘ-মেয়াদি নীতি পরিবর্তনের জন্য চীন সরকারকে আহ্বান জানানো হয়েছে৷

Vigil at Maitighar in Kathmandu, called by Amnesty International, 24 March 2008.

কাঠমন্ডুর মাইতিগড়ে সমাবেশ,
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আয়োজিত,
২৪ মার্চ ২০০৮৷© প্রাইভেট

Nepal authorities clamp down on peaceful demonstrations against Chinese human rights abuses in Tibet, 24 March 2008.

তিব্বতে চীনা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে
শান্তিপূর্ণ সমাবেশে নেপালী কর্তৃপক্ষের দমন অভিযান,
২৪ মার্চ ২০০৮৷ © প্রাইভেট

Nepal authorities clamp down on peaceful demonstrations against Chinese human rights abuses in Tibet, 24 March 2008.

তিব্বতে চীনা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে
শান্তিপূর্ণ সমাবেশে নেপালী কর্তৃপক্ষের দমন অভিযান,
২৪ মার্চ ২০০৮৷© প্রাইভেট