গুয়ানতানামো বে-তে বিনাবিচারে আটক বন্দীর স্ত্রী মুক্তি পেলো সিরিয়াতে
২২ জুলাই ২০০৯
স্বামীর কারণে প্রায় ১ বছর আগে বিনাবিচারে আটক সিরীয় নারী উসরা-আল-হুসেনকে গত ১৮ জুলাই মুক্তি দেয়া হয়েছে। তার মুক্তির জন্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রচারণা চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বিরুদ্ধে অপরাধ করার কোনো সুনির্দিষ্ট ও স্বীকৃত অভিযোগ না থাকলে তাকে মুক্তি দেয়ার দাবী করে আসছিল।
উসরা-আল-হুসেনকে দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার পুবে অবস্থিত আল-ওটাইবা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ডিটেনশনে থাকাকালীন পুরো সময়টায় তাকে কারাগারের বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি এবং তাকে কেন আটক করা হয়েছে ও কোথায় আটকে রাখা হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্যই তার পরিবারকে জানতে দেয়া হয়নি। আটক থাকা অবস্থায় তার কোনো চিকিৎসা করা হয়েছিলো কিনা সে সংক্রান্ত তথ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে নেই।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে আমেরিকান হাজতে আটক তার স্বামী জেহাদ দিয়াবের আটকাদেশ বিষয়ে কোনো একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টার কারণে উসরা-আল-হুসেইনকে আটক করা হয়েছে। জেহাদ দিয়াবকে কোনো ধরনের অভিযোগ কিংবা বিচার ছাড়াই ‘শত্রু যোদ্ধা’ হিসেবে ২০০২ সালের আগস্ট থেকে কিউবাতে অবস্থিত আমেরিকান ডিটেনশন ক্যাম্প গুয়ানতানামো বে-তে আটকে রাখা হয়েছে।
Delicious
Digg
Facebook
Technorati