টোগো: আফ্রিকার পঞ্চদশ দেশটি মৃত্যুদন্ড বিলোপ করেছে
২৩ জুন ২০০৯
টোগো সরকার সেদেশে মৃত্যুদন্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
এই আইন পাসের ফলে টোগো মৃত্যুদন্ড বিলোপের ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়নের ১৫তম এবং বিশ্বের মধ্যে ৯৪তম দেশ, যারা এখন থেকে কোনো ধরনের অপরাধের জন্যে কাউকে আর মৃত্যুদন্ড দেবে না।
আইনটি গত বছর ১০ ডিসেম্বর মন্ত্রী পরিষদে গৃহীত হওয়ার পর আইন মন্ত্রী কোকোউ তোঝোউন বলেন, ‘এই দেশ একটি সুন্দর ন্যায়বিচার পদ্ধতি প্রতিষ্ঠার পথে আগাচ্ছে যেখানে বিচার সংক্রান্ত ভুলগুলো সীমিত হবে এবং ব্যক্তির জন্মগত অধিকার সুরক্ষিত হবে। এই (নতুন) ব্যবস্থা পেনাল কোডের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ থাকবে না যেখানে মৃত্যুদন্ডের বিধান রয়েছে এবং বিচার বিভাগকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে।’
তিন দশকেরও বেশি সময় ধরে টোগো মৃত্যুদন্ড দেয়া বন্ধ রেখেছে। শেষবার মৃত্যুদন্ড দেয়া হয় ১৯৭৮ সালে। আর শেষ মৃত্যুদন্ডাদেশ রহিত করা হয় ২০০৩ সালে।
আজকের ভোটের মাধ্যমে টোগোর সংসদ সদস্যরা আফ্রিকাতে মৃত্যুদন্ড বিলোপের যে ধারা চলছে তার স্বপক্ষেই তারা ভোট দিলো।
বুরুন্ডি ২০০৯ সালের এপ্রিল মাসে একটি নতুন পেনাল কোড গ্রহণ করেছে যার মাধ্যমে আইন থেকে মৃত্যুদন্ড বিলোপ করা হয়েছে। আরো কয়েকটি দেশ তাদের দেশের আইন পর্যালোচনা করছে এবং তারা তাদের আইন থেকে মৃত্যুদন্ড বিলোপের সম্ভাবনা যাচাই ও বিবেচনা করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি দেশ হলো মালি।
Delicious
Digg
Facebook
Technorati