নিউ মেক্সিকো মৃত্যুদন্ড বিলোপ করেছে

১৯ মার্চ ২০০৯

বুধবার সন্ধ্যায় নিউ মেক্সিকোর গভর্ণর একটি খসড়াকে আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করেছেন, যা তার রাজ্যে মৃত্যুদণ্ড বিলোপ করেছে৷ গভর্ণর বিল রিচার্ডসনের স্বাক্ষর নিউ মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের ১৫তম বিলোপকারী রাজ্যে পরিণত করেছে৷

Bill Richardson, New Mexico Governorএকটি বিবৃতিতে, গভর্ণর বিল রিচার্ডসন ব্যাখ্যা করেছেন যে তিনি একটি উপসংহারে পৌঁছেছেন যে মৃত্যুদণ্ডের অপরিবর্তনীয় প্রকৃতি এটিকে ত্রুটিপূর্ণ বিচার পদ্ধতিতে একটি অসমর্থনযোগ্য শাস্তিতে পরিণত করে৷

তার বিবৃতিতে, গভর্ণর বিল রিচার্ডসন বলেনঃ
“বাস্তবতা হচ্ছে এই পদ্ধতি নিখুঁত নয় - বরং তা থেকে অনেক দূরে৷ পদ্ধতিটি মূলতঃ ত্রুটিপূর্ণ... এমন একটি সমাজ যেখানে ব্যক্তির জীবন ও স্বাধীনতাকে অন্য সবকিছুর উপর স্থান দেয়া হয়, যেখানে আমাদের অপরাধ বিচার পদ্ধতির অনন্য নির্দেশক নীতি হচ্ছে ন্যায়বিচার এবং প্রতিহিংসা নয়, সেখানে অন্যায়ভাবে কাউকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা, এবং ঈশ্বর না করুন, কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড, মানুষ হিসেবে আমাদের সংবেদনশীলতার প্রতি একটি অভিশাপের মতো হয়ে দাঁড়ায়৷” ১৯৭৫ সাল থেকে, যুক্তরাষ্ট্রে ১২০ জনেরও বেশি ব্যক্তিকে নির্দোষ হওয়ার কারণে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের সেল থেকে মুক্তি দেয়া হয়েছে৷ এদের মধ্যে রয়েছে ১৯৭৪ সালে নিউ মেক্সিকোতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া চারজন ব্যক্তি যারা দুই বছর পর নির্দোষ হিসেবে মুক্তি পান৷ এই ১২০ জনের মধ্যে অন্য অনেকেই এক দশকেরও বেশি সময় ধরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের সেলে ছিলেন৷

নিউ মেক্সিকোর বিলোপের বিলটি, যা মৃত্যুদণ্ডের পরিবর্তে প্যারোলের সুযোগবিহীন যাবজ্জীবন কারাদণ্ডের আইন করছে, ১৩ মার্চ ২০০৯ তারিখে ২৪-১৮ ভোটে রাজ্যের সিনেটে পাস হয়েছে৷ এর আগে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ আইনটি ৪০-২৮ ভোটে পাস করেছে৷

নিউ মেক্সিকোর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সেলে দুইজন পুরুষ রয়েছেন৷ ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে বিচার বিভাগীয় হত্যাকাণ্ড পুনরায় চালু হওয়ার পর থেকে রাজ্যটি মাত্র একবার মৃত্যুদণ্ড কার্যকর করেছে৷ ৬ নভেম্বর ২০০১ তারিখে টেরি ক্লার্ককে বিষাক্ত ইনজেকশন প্রদানের মাধ্যমে হত্যা করা হয়, এটি ছিল ১৯৬০ সাল থেকে রাজ্যের প্রথম ও একমাত্র মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা৷ তিনি তার আপিল প্রত্যাহার করেছিলেন.৷

যুক্তরাষ্ট্রের অন্য ১৪টি বিলোপকারী রাজ্য হচ্ছেঃ আলাস্কা, হাওয়াই, আইওয়া, মেইন, ম্যাসাচুসেটস্, মিশিগান, মিনেসোটা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নর্থ ডাকোটা, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়েস্ট ভার্জিনিয়া, ও উইসকনসিন৷ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াও বিলোপকারী৷ বাকি ৩৫টি রাজ্যে মৃত্যুদণ্ড রয়েছে, এবং ফেডারেল সরকার ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতেও মৃত্যুদণ্ড রয়েছে৷

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং যে ৩৫টি রাজ্যে এখনো মৃত্যুদণ্ড বহাল রয়েছে সেগুলোর কর্তৃপক্ষকে বিলোপের দৃষ্টিভঙ্গি নিয়ে এই শাস্তির বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে৷ বিলোপ মুলতবি থাকাকালীন সময়ে, সারাবিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখার জন্য জাতিসংঘ সাধারণ পরিষেদের আহ্বানের সাথে সঙ্গতিপূর্ণভাবে, আর যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সনির্বন্ধ আহ্বান জানানো হচ্ছে৷

গভর্ণর রিচার্ডসন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিচ্ছিন্ন অবস্থাকে শনাক্ত করেছেনঃ “আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, যুক্তরাষ্ট্র এই বিষয়ে বাকি বিশ্ব থেকে পিছিয়ে থাকার কোনো কারণ থাকতে পারে না৷ যে সব দেশ মৃত্যুদণ্ডের সমর্থন ও ব্যবহার অব্যাহত রেখেছে তাদের অনেকগুলোই এই বিশ্বের সর্বাধিক নিপীড়নকারী দেশ৷ এটা গর্বিত হওয়ার মত কিছু নয়৷”

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সারাবিশ্বজুড়ে মৃত্যুদণ্ড ব্যবহারের বার্ষিক হিসাবগুলো মঙ্গলবার প্রকাশ করেছে৷

আরো পড়ুন
USA: New Mexico abolishes the death penalty (যুক্তরাষ্ট্রঃ নিউ মেক্সিকো মৃত্যুদন্ড বিলোপ করেছে) (প্রতিবেদন, ১৯ মার্চ ২০০৯)
মৃত্যুদণ্ডের প্রয়োগ বন্ধ করার জন্য জাতিসংঘে ক্রমবর্ধমানভাবে আহ্বান (সংবাদ ১৮ ডিসেম্বর ২০০৮)