জাতিসংঘঃ মানবাধিকার কাউন্সিলের ২০০৯ সালের নির্বাচনঃ সকল প্রার্থীকে মানবাধিকারের প্রতি অবশ্যই দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করতে হবে

০৮ এপ্রিল ২০০৯                        এআই সূচী: আইওআর ৪০/০০৪/২০০৯

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল                          গণ বিবৃতি

মানবাধিকার কাউন্সিলের ২০০৯ সালের নির্বাচনঃ সকল প্রার্থীকে মানবাধিকারের প্রতি অবশ্যই দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করতে হবে

মানবাধিকারের সুরক্ষা ও প্রসারের ক্ষেত্রে, জাতিসংঘের প্রধান মানবাধিকার সংস্থা, মানবাধিকার কাউন্সিলের কার্যকারিতা, মানবাধিকার সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলোর অবদান ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তাদের অঙ্গীকারের দৃঢ়তার ওপর নির্ভর করে৷

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ৬০/২৫১-এ ২০০৬ সালে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার শর্ত ছিল এর সদস্যরা মানবাধিকারের প্রসার ও সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখবে এবং কাউন্সিলের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে৷১ এই প্রস্তাবটিতে আরো শর্ত ছিল যে সাধারণ পরিষদের অধিকাংশ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলের সদস্যরা সরাসরি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হবে৷ ভোট দেয়ার সময়, সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকারের প্রসার ও সুরক্ষার ক্ষেত্রে প্রার্থীদের অবদান এবং তাদের সংশ্লিষ্ট স্বেচ্ছাপ্রণোদিত অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বিবেচনা করবে৷২ সুতরাং, সদস্যদের জন্য শর্তাবলির কেন্দ্রে রয়েছে মানবাধিকারকে সমর্থন করা এবং প্রস্তাবটিতে শর্ত হিসেবে আরো উল্লেখ করা হয়েছে, কাউন্সিলের যে সব সদস্য মানবাধিকারের ব্যাপক ও পদ্ধতিগত লঙ্ঘন করবে, তাদের সদস্যপদ সাধারণ পরিষদ স্থগিত রাখতে পারবে৷৩

এই বছরের নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে ১২ মে ২০০৯ তারিখে, এতে ১৮টি সদস্য নির্বাচিত করা হবে৷ একটি শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কাউন্সিলের জন্য আসন্ন নির্বাচনগুলোতে উপরে উল্লেখিত শর্তাবলির প্রতি পূর্ণ সম্মান থাকা আবশ্যক৷ বিশেষ করে, উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সাধারণ পরিষদের সকল সদস্যের নির্বাচিত করার মতো সত্যিকার পছন্দ অবশ্যই থাকতে হবে, যেভাবে কাউন্সিলের সদস্যরা বলেছেন যে, সদস্যদের স্বেচ্ছাপ্রণোদিত প্রতিশ্রুতির মধ্যে সহ ‍অন্যান্য ক্ষেত্রেও মানবাধিকারের সমর্থনের জন্য অকৃত্রিম অঙ্গীকার প্রদর্শন করতে হবে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘের সবগুলো সদস্য দেশকে সনির্বন্ধ আহ্বান জানাচ্ছেঃ


•    বেশি সংখ্যক প্রার্থী নিশ্চিত করার জন্য, যাতে প্রতিটি অঞ্চলের জন্য নির্ধারিত শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক প্রার্থী থাকে৷ ‘পরিষ্কার স্লেট’ উপস্থাপনের অনুশীলন, যেখানে প্রার্থীর সংখ্যা ঐ অঞ্চলের জন্য নির্ধারিত আসন সংখ্যার ঠিক সমান হয়, অবশ্যই পরিত্যাগ করতে হবে৷
•    এই সব নির্বাচনগুলো থেকে ভোট-বিনিময়ের রীতি পরিহার করার জন্য (এই অনুশীলনের মাধ্যমে একটি দেশ নির্বাচনে অন্য দেশের সমর্থন চায় এবং বিনিময়ে অন্য দেশটিকে জাতিসংঘের অন্যান্য সংস্থার নির্বাচনে সমর্থন দেয়)৷
•    প্রতিটি প্রার্থীর মানবাধিকার রেকর্ড এবং মানবাধিকারের প্রতি অঙ্গীকার সতর্কতার সাথে বিবেচনা করার জন্য, যাতে অন্তর্ভুক্ত থাকবে যেগুলো তাদের নির্বাচনী অঙ্গীকারে স্বেচ্ছাপ্রণোদিতভাবে ফুটে উঠেছে, এবং শুধুমাত্র সেই সকল প্রার্থীকে ভোট দেয়ার জন্য যারা ৬০/২৫১ নম্বর প্রস্তাবে বর্ণিত উচ্চ মানদণ্ডগুলো পূরণ করে, এমনকি যদি, কোন ক্ষেত্রে, ব্যালট খালিও রাখতে হয়৷

সাধারণ পরিষদের ৬০/২৫১ নম্বর প্রস্তাবটির শর্তসমূহ সম্পূর্ণভাবে পূরণ করার জন্য, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসন্ন নির্বাচনগুলোতে প্রার্থীতা বিবেচনা করার জন্য সবগুলো দেশকে সনির্বন্ধভাবে আহ্বান জানাচ্ছেঃ

•    মানবাধিকার হাইকমিশনারের অফিস কর্তৃক তৈরি, মানবাধিকার কাউন্সিলের নির্বাচনের জন্য প্রার্থীদের স্বেচ্ছাপ্রণোদিত অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলোর প্রস্তাবিত উপাদানসমূহ বিবেচনা করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের প্রসার ও সুরক্ষার জন্য দৃঢ়, বিশ্বাসযোগ্য ও পরিমেয় অঙ্গীকার করার জন্য৷৪
•    মানবাধিকার সম্পর্কিত মূল চুক্তিগুলোর এবং আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কিত রোম সংবিধি অনুসমর্থনের জন্য তাদের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য, এই ধরনের চুক্তির প্রতি বাধা সৃষ্টিকারী আপত্তি প্রত্যাহারের জন্য এবং চুক্তি পর্যবেক্ষণকারী সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য, যাতে অন্তর্ভুক্ত রয়েছে যথাসময়ে নিয়মিত প্রতিবেদন জমা দেয়া এবং চুক্তির সংস্থার সুপারিশগুলো অবিলম্বে ও সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা৷
•    মানবাধিকার কাউন্সিলের বিশেষ কার্যপ্রণালীর সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য, তাদের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য, যাতে অন্তর্ভুক্ত রয়েছে তাদের সুপারিশগুলোর প্রতি অবিলম্বে ও সত্যিকারভাবে সাড়া দেয়া এবং সকল বিশেষ কার্যপ্রণালীর জন্য একটি স্থায়ী আমন্ত্রণ ইস্যু করা৷
•    পর্যালোচিত ও পর্যালোচনাকারী উভয় প্রকার দেশ হিসেবে, সর্বজনীন নিয়মিত পর্যালোচনাতে পূর্ণভাবে অংশগ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য, প্রতিটি পর্যালোচনা যাতে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ওপর অভিনিবেশ করে তা নিশ্চিত করার জন্য, এবং পর্যালোচনার সময় গৃহীত সুপারিশগুলো পূর্ণভাবে ও অবিলম্বে বাস্তবায়নের জন্য৷
•    ১২ মে ২০০৯ তারিখের নির্ধারিত নির্বাচনের কমপক্ষে ৩০ দিন আগে তাদের প্রার্থীতা ঘোষণা করার জন্য৷

পটভূমি:

মানবাধিকার কাউন্সিলের ৪৭ টি সদস্য রয়েছে৷ ন্যায়সঙ্গত ভৌগলিক বন্টনের ভিত্তিতে, এটি নিম্নলিখিতভাবে আঞ্চলিক গ্রুপগুলোর জন্য আসন বরাদ্দ দেয়ঃ আফ্রিকান গ্রুপ, ১৩টি আসন; এশীয় গ্রুপ, ১৩টি আসন; পূর্ব ইউরোপীয় গ্রুপ, ৬টি আসন; ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় গ্রুপ, ৮টি আসন; এবং পাশ্চাত্য ও অন্যান্য গ্রুপ, ৭টি আসন৷ তিন-বছর মেয়াদে কাউন্সিলে একটি আসন পেতে হলে, কোনো দেশকে সাধারণ পরিষদের ১৯২ সদস্যের মধ্যে অবশ্যই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন (৯৭টি ভোট) পেতে হবে৷ সদস্যরা একবার তাৎক্ষণিক পুন-নির্বাচনে অংশগ্রহণ করতে পারে৷

মানবাধিকার কাউন্সিলের যে ১৮টি সদস্যের মেয়াদ ১৯ জুন ২০০৯ তারিখে শেষ হবে তারা হচ্ছেঃ আজারবাইজান, বাংলাদেশ, ক্যামেরুন, কানাডা, চীন, কিউবা, জিবুতি, জার্মানি, জর্দান, মালয়েশিয়া, মরিশাস, মেক্সিকো, নাইজেরিয়া, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব, সেনেগাল, সুইজারল্যাণ্ড ও উরুগুয়ে৷

এটি লেখার সময়, নিচে উল্লিখিত দেশগুলো আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছে বলে জানা গেছেঃ৫

•    আফ্রিকান গ্রুপ (৫টি শূন্য আসন): ক্যামেরুন, জিবুতি, কেনিয়া, মরিশাস, সেনেগাল
•    এশীয় গ্রুপ (৫টি শূন্য আসন): বাংলাদেশ, চীন, জর্দান, কিরগিজস্তান, সৌদি আরব
•    পূর্ব ইউরোপীয় গ্রুপ (২টি শূন্য আসন): আজারবাইজান, হাঙ্গেরি, রাশিয়ান ফেডারেশন
•    ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় গ্রুপ (৩টি শূন্য আসন): কিউবা, মেক্সিকো, উরুগুয়ে
•    পাশ্চাত্য ও অন্যান্য গ্রুপ (৩টি শূন্য আসন): বেলজিয়াম, নরওয়ে, যুক্তরাষ্ট্র


পাবলিক ডকুমেন্ট
****************************************
আরো তথ্যের জন্য অনুগ্রহ করে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেস অফিসের সাথে যুক্তরাজ্যের লণ্ডনে যোগাযোগ করুন, ফোনঃ +44 20 7413 5566 বা ই-মেইলঃ press@amnesty.org

International Secretariat, Amnesty International, 1 Easton St., London WC1X 0DW, UK www.amnesty.org

১ সাধারণ অধিবেশনের প্রস্তাব ৬০/২৫১, কার্যকর অনুচ্ছেদ ৯
২ একই উৎস, কার্যকর অনুচ্ছেদ ৭ ও ৮
৩ একই উৎস, কার্যকর অনুচ্ছেদ ৮
৪ http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/pledges.pdf
৫ মোটা হরফে লেখা দেশগুলো তাৎক্ষণিক পুন-নিবার্চনে অংশগ্রহণ করছে